দেবিদ্বারে ১১ বছর বয়সী আপন ভাতিজিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মো. কামরুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার ধামতী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গ্রেপ্তার কামরুল ইসলাম দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের তমিজ উদ্দিন সরকার বাড়ির বাসিন্দা। তিনি একজন হাফেজ এবং মাদ্রাসাশিক্ষক। তার বিরুদ্ধে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকায় চাকরি করেন। অভিযুক্ত কামরুল ইসলাম শিশুটির আপন চাচা এবং বাদীর দেবর।
এজাহারে শিশুটির মায়ের অভিযোগ, কামরুল ইসলাম গত প্রায় এক বছর ধরে তার মেয়েকে খাবারের লোভ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করতেন। এমনকি ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্বের মতো খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধামতী এলাকার একটি একতলা ভবনের ছাদে নিয়ে যান কামরুল। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং শিশুটিকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শিশুটির কাছ থেকে গত এক বছরের নির্যাতনের বিষয়ে বিস্তারিত জানতে পারেন তার মা। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সার্ভিস সেন্টারে নিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
অভিযুক্ত কামরুল ইসলাম এর আগে ময়নামতি ১৫ নম্বর গেট এলাকার ক্যান্টনমেন্ট হাজী মজিদিয়া নুরানি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পুলিশের বক্তব্য অনুযায়ী, শিশু বলাৎকারের অভিযোগে প্রায় ২২ দিন আগে ওই মাদ্রাসা থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। সেখান থেকে এসে তিনি দেবিদ্বার সদরের দেবিদ্বার-চান্দিনা সড়কের হিলফুল ফুজুল স্কুলের পাশে একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় চাকরির চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাবুল বলেন, “ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক শিশু বলাৎকারের অভিযোগে প্রায় ২২ দিন আগে একটি মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হয়েছিলেন।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা
সারাদেশ
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
শেয়ার করুন:
হোয়াটসঅ্যাপ
বিভাগ: সারাদেশ