রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ ব্রেকিং নিউজ

মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মুরাদনগর প্রতিনিধি • কুমিল্লা
২৮ নভেম্বর, ২০২৬, ১৩:৪০
২ মিনিটে পড়ুন
মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো. নজরুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ, ভেটেরিনারি সার্জন ডা. মিসবাহুল জান্নাত মিনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়াতে গুণগত মান নিশ্চিত করা এবং পশু-পাখির রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, মো. আলাউদ্দিন, ইকবাল ও জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শেয়ার করুন: হোয়াটসঅ্যাপ
বিভাগ: সারাদেশ
লিংক কপি করা হয়েছে!