মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব, দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারওয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেজবাহুল জান্নাত মিনি। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে নিরাপদ ও মানসম্মত মাংস, দুধ ও ডিম উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিদের আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ নায়েব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ
ব্রেকিং নিউজ
মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানি বাড়ানোর তাগিদ
শেয়ার করুন:
হোয়াটসঅ্যাপ
বিভাগ: বাংলাদেশ